যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও উত্তেজনা কমেনি মধ্যপ্রাচ্যে। ইসরায়েল ও লেবানন- দুই দেশই সুযোগ পেলেই একে অপরের ওপর হামলা চালাচ্ছে। গত শুক্রবার আবারও তার পুনরাবৃত্তি ঘটল। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন।
জানা গেছে, দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় হামলার আগে সেসব এলাকা খালি করার নির্দেশ দেয় ইসরায়েলি সামরিক বাহিনী।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাব্বুশ এলাকায় বিমান হামলায় ৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২১ জন। অন্যদিকে, জ্রারিয়েতে পৃথক হামলায় আরও ৪ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
আন্তর্জাতিক কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্চ মাস থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ২ হাজার ৬০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন।
উল্লেখ্য, কয়েক দিন আগেও লেবাননে হামলা চালায় ইসরায়েল। তাদের অভিযোগ ছিল, জঙ্গি সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিল। সে কারণে আগাম অভিযানে নামে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ওই হামলায় তিনজন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়।
অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে চলমান সংঘাত এখন সমাপ্ত। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া উত্তেজনার পর ৭ এপ্রিল থেকে দুই দেশের মধ্যে আর কোনো গোলাগুলি হয়নি বলেও তিনি জানান।
মার্কিন কংগ্রেসকে লেখা এক চিঠিতে ট্রাম্প বলেন, নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়, এবং এখনো সে অনুমোদন পাওয়া যায়নি।
তবে বাস্তব পরিস্থিতি ভিন্ন বলেই মনে করছেন বিশ্লেষকেরা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এখনো কাটেনি, বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে পরিস্থিতি জটিল রয়ে গেছে।
এদিকে, পাকিস্তান দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালালেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ইসলামাবাদে প্রথম দফার বৈঠক ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফার আলোচনা আয়োজনের চেষ্টা চলছে, তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

