ওমান উপসাগরে বিপুল পরিমাণ চোরাই ডিজেলবাহী একটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে ইরানের কোস্টগার্ড বাহিনী। এ ঘটনায় জাহাজটির বাংলাদেশিসহ মোট ১৮ জন ক্রু সদস্যকে আটক করা হয়েছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, আটক ক্রুদের মধ্যে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের উপকূলবর্তী এলাকায় শুক্রবার ট্যাঙ্কারটি আটক করা হয়। প্রাদেশিক প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে ফার্স নিউজ জানায়, ওমান উপসাগরে ৬০ লাখ লিটার ডিজেল বহনকারী ট্যাঙ্কারটি নেভিগেশন সিস্টেম বিকল হয়ে সাগরে ভাসছিল। জাহাজে থাকা ১৮ জন ক্রু সদস্যকে আটক করে তদন্তের আওতায় নেওয়া হয়েছে।
তবে ট্যাঙ্কারটি কোন দেশের মালিকানাধীন-সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
বিশ্লেষকরা বলছেন, ইরানে জ্বালানি তেলের খুচরা মূল্য বিশ্বের অন্যতম কম। সরকারি ভর্তুকির কারণে এই সস্তা জ্বালানি অবৈধভাবে বিদেশে পাচারের প্রবণতা বেড়েছে। স্থল ও সমুদ্রপথে প্রতিবেশী দেশসহ বিভিন্ন অঞ্চলে জ্বালানি পাচারে জড়িত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চক্র সক্রিয় রয়েছে।
এর আগে গত মাসেও পারস্য উপসাগর থেকে একই ধরনের একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছিল ইরানের কোস্টগার্ড।
উল্লেখ্য, সম্প্রতি ভেনেজুয়েলার উপকূল থেকে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। মার্কিন কর্মকর্তাদের দাবি, ওই জাহাজটি ইরান ও ভেনেজুয়েলার মধ্যে তেল পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। যুক্তরাষ্ট্রের সেই অভিযানের কয়েক দিনের মধ্যেই নিজেদের জলসীমায় চোরাই ডিজেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান।


