ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের কেরমান প্রদেশের ফাহরাজ কাউন্টিতে একটি নিরাপত্তা চেকপোস্টে বন্দুকধারীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্যসহ মোট চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সাধারণ বেসামরিক নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সংবাদ সংস্থা মেহের মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানায়, ঘটনাটি ফাহরাজ কাউন্টির একটি গুরুত্বপূর্ণ তল্লাশি চেকপোস্টে ঘটে। ওই এলাকা দিয়ে চলাচলকারী যানবাহন তল্লাশির সময় সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ শুরু হয়।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, সোমবার ভোরে কেরমান প্রদেশের ফাহরাজ কাউন্টির প্রবেশপথে অবস্থিত চেকপোস্টে এই সংঘর্ষ ঘটে। জাহেদান-ফাহরাজ সড়কে চলমান ওই অভিযানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সশস্ত্র ব্যক্তিদের মুখোমুখি হন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও সশস্ত্র ব্যক্তিদের পরিচয় জানতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা তদন্ত চালাচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।



