ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শহিদ ওসমান হাদির মৃত্যু নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ১০:২৬ এএম
ভারতীয় আধিপত্যবাদবিরোধী নেতা ওসমান হাদির ছবি হাতে এক প্রতিবাদকারী। ছবি- সংগৃহীত

ভারতীয় আধিপত্যবাদবিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর শরিফ ওসমান বিন হাদির মৃত্যু নিয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা তাদের শিরোনাম করেছে বাংলাদেশের ছাত্র আন্দোলনের নেতার সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু। প্রতিবেদনে বলা হয়, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এতে আরও বলা হয়, তার মৃত্যুতে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষুব্ধ সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করে।

হাদির মৃত্যুর পর বাংলাদেশে বিক্ষোভ নিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতের বেশির ভাগ গণমাধ্যম। এনডিটিভি তাদের শিরোনাম করেছে, ছাত্রনেতার মৃত্যুর পর বাংলাদেশ উত্তাল, গণমাধ্যমের কার্যালয়ে আগুন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, হাদির মৃত্যুর পর উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। বিভিন্ন স্থানে ভারতবিরোধী বিক্ষোভ হয়েছে।

দ্য হিন্দু শিরোনাম করেছে, তরুণ নেতা হাদির মৃত্যুর পর বাংলাদেশে সহিংসতা; গণমাধ্যম কার্যালয়ে আগুন।

আনন্দবাজার তাদেরা শিরোনাম করেছে, ‘রাতভর বিক্ষোভ বাংলাদেশে! ভাঙচুরের পর অগ্নিসংযোগ সংবাদপত্রের অফিসে।’ বাংলাদেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুরের খবর প্রকাশ করেছে তারা।

পাকিস্তানের গণমাধ্যম জিও টিভির খবরে বলা হয়, তরুণ নেতার মৃত্যুতে বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ ছাড়া আরও বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে খবর প্রকাশ করা হয়েছে।