ভেনেজুয়েলায় সফল সামরিক অভিযানের জন্য মার্কিন সেনাবাহিনীর প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে জানিয়েছেন, ভেনেজুয়েলার সামরিক অভিযান একদম শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ দেখেছেন তিনি এবং তার কাছে গোটা অভিযান ‘টেলিভিশন শো’র মতো মনে হয়েছে।
শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমাকে সামরিক বাহিনীর লোকজন বলেছিলেন যে পৃথিবীতে আর এমন কোনো দেশ নেই, যারা এমন নিখুঁত কৌশল অবলম্বন করতে পারে। অভিযানে আপনি যদি দেখতেন যে সত্যিই কী কী ঘটেছে…, আমি এটি দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে যে একটি টিভি শো দেখছি। আর আপনি যদি আমাদের সেনাবাহিনীর গতিশীলতা, দেখতেন…, এটা ছিল দারুণ একটা ব্যাপার। আমাদের সেনারা দুর্দান্ত কাজ দেখিয়েছে। অন্য কেউ এত চমৎকারভাবে এ অভিযান চালাতে পারত না।’
‘আরও দেখুন, এমন একটা গুরুত্বপূর্ণ অভিযানে কোনো মার্কিনি বা অন্য কারও প্রাণহানি ঘটেনি। আমি শুনেছি, দুজন আহত হয়েছেন।’
শুক্রবার (২ জানুয়ারি) স্থানীয় সময় শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বিমানবাহিনী। ইতোমধ্যে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘এই অপারেশন বেশ জটিল ছিল। প্রচুর সংখ্যক যুদ্ধবিমান ও হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে এতে। আমি মাত্র চার দিন আগে এ অভিযানের অনুমতি দিয়েছিলাম। এত অল্প সময়ের মধ্যে এমন সফল অভিযান সত্যিই দুর্দান্ত।’


-20260104083922.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন