ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কলম্বিয়ার পেত্রোকে হুমকি ট্রাম্পের, বললেন ‘পতনে প্রস্তুত’ কিউবা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ১০:৫৩ এএম
এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প। ছবি : সংগৃহীত

এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গোস্তাভো পেত্রোকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী নিকোলাস মাদুরোকে কারাকাস থেকে অপহরণের পর ট্রাম্প বলেন, খুব  শিগগিরই পতন হতে পারে কিউবা সরকারের। রোববার (৪ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট।

 

ট্রাম্প অভিযোগ করেন, বামপন্থি নেতা গুস্তাভো পেত্রোর শাসনে কলম্বিয়া বর্তমানে চরম অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। তিনি পেত্রোকে একজন ‘অসুস্থ মানুষ’ হিসেবে অভিহিত করে দাবি করেন, কলম্বিয়া বর্তমানে যুক্তরাষ্ট্রে কোকেন উৎপাদন ও সরবরাহের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে। 

মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়ে দেন, পেত্রো এভাবে বেশিদিন কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবেন না।

এক পর্যায়ে সাংবাদিকরা সরাসরি জানতে চান, যুক্তরাষ্ট্র কলম্বিয়াতেও সামরিক অভিযান চালাবে কি না। এর জবাবে ট্রাম্প বলেন, এ ধরনের পরিকল্পনা তার কাছে ইতিবাচক বা ‘ভালো’ মনে হচ্ছে। কলম্বিয়ার পাশাপাশি কিউবা নিয়েও নিজের মনোভাব ব্যক্ত করেছেন ট্রাম্প। 

তিনি মনে করেন, কিউবার বর্তমান সরকারের পতনের জন্য হয়তো সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন হবে না, কারণ দেশটি বর্তমানে তীব্র অর্থনৈতিক সংকটে জর্জরিত। ভেনেজুয়েলার তেল সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় কিউবা কার্যত দেউলিয়া হওয়ার পথে রয়েছে এবং যেকোনো সময় দেশটির অভ্যন্তরীণ কাঠামো ভেঙে পড়তে পারে। ট্রাম্পের দাবি, কিউবান-আমেরিকানরা এই সম্ভাব্য পরিবর্তনে অত্যন্ত আনন্দিত হবেন।