কানাডার সব পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি চীনের সঙ্গে ‘কৌশলগত অংশীদারিত্ব’ ঘোষণা ও শুল্ক হ্রাসে রাজি হওয়ার পর এ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (২৪ জানুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘কানাডা যদি চীনের সঙ্গে চুক্তি করে, তাহলে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কানাডার সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’
গত সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে এক বক্তৃতায় বিশ্বের বৃহৎ শক্তিগুলোর সমালোচনা করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এর জেরে ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে তারা জানান, দুই দেশ একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে, যার মধ্যে বৈদ্যুতিক গাড়িও রয়েছে। ওই সময় ট্রাম্প সম্ভাব্য চুক্তিকে ‘ভালো বিষয়’ বলে প্রশংসা করেছিলেন।
তবে শনিবার ট্রাম্প তাঁর পোস্টে কানাডার প্রধানমন্ত্রীকে ‘গভর্নর কার্নি’ হিসেবে উল্লেখ করেন। তিনি লিখেছেন, যদি “তিনি (মার্ক কার্নি) ভাবেন যে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে কানাডাকে চীনের জন্য ‘ড্রপ অব পোর্ট’ (পণ্য খালাসের ট্রানজিট) বানাতে যাচ্ছেন, তবে তিনি মারাত্মক ভুল করছেন।”
পোস্টে কবে নাগাদ শুল্ক আরোপ করা হতে পারে, সে বিষয়ে কিছু জানাননি ট্রাম্প। গত বছর প্রথমবার কানাডার ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। তখন থেকে তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম রাজ্য’ বলে ডাকা শুরু করেন এবং কার্নিকে এর ‘গভর্নর’ হিসেবে উল্লেখ করেন। দেশটি পুরোপুরি অধিগ্রহণের চেষ্টা করতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প।
সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সম্পর্ক কিছুটা উন্নত হচ্ছিল। তবে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের চেষ্টা এবং ন্যাটো সম্পর্কে করা মন্তব্য কানাডা ও ইউরোপীয় নেতাদের সঙ্গে তার বিরোধ তৈরি করেছে।

