ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইসফাহানে বিস্ফোরণের ভিডিও শেয়ার করলেন ট্রাম্প

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ১০:০১ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানের ইসফাহান শহরে একটি ব্যাপক বিস্ফোরণের ভিডিও শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভিডিওটি সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি তিনি। বিভিন্ন গণমাধ্যম দাবি করছে, এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ফুটেজ, যা ইসফাহানের একটি বড় অস্ত্রাগার বা গোলাবারুদ ডিপোতে চালানো হয়।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (৩১ মার্চ) ভোরের দিকে এই ঘটনা ঘটেছে। ভিডিওটিতে ধারাবাহিক বিস্ফোরণের পর বিশাল আগুনের লেলিহান শিখায় রাতের আকাশকে কমলা রঙে আলোকিত হতে দেখা গেছে। 

তবে এনডিটিভি স্বাধীনভাবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক মার্কিন কর্মকর্তার তথ্যানুসারে, ইসফাহানের ওই ডিপোতে যুক্তরাষ্ট্র ২ হাজার পাউন্ড ওজনের ‘বাঙ্কার বাস্টার’ বোমা ব্যবহার করে হামলা চালায়।

ইসফাহানে বিস্ফোরণের দৃশ্য।

খবরে আরও বলা হয়েছে, এই হামলার ফলে একের পর এক শক্তিশালী দ্বিতীয় বিস্ফোরণ ঘটে, যা বিশাল আগুনের গোলা ও শকওয়েভ তৈরি করে চারপাশ কাঁপিয়ে দেয়।

এই হামলার খবরের একদিন আগে সোমবার (৩০ মার্চ) ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি দ্রুত যুদ্ধ শেষ করার কোনো চুক্তি না হয়, তবে ইরানের জ্বালানি খাত, গুরুত্বপূর্ণ অবকাঠামো, এমনকি পারমাণবিক স্থাপনা ও পানির সরবরাহ ব্যবস্থাও ধ্বংস করে দেওয়া হবে।’

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার অভিযোগ করে আসছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি। 

এর আগেও ট্রাম্প দাবি করেছিলেন, গত বছরের হামলায় তিনি ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দিয়েছেন।