ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ট্রাম্পের হুঁশিয়ারির পর বাড়ল তেলের দাম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ১২:০৯ এএম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়েছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কড়া বার্তার পর বাজারে এ ঊর্ধ্বগতি দেখা গেছে।

বৈশ্বিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুড আজ অস্থির লেনদেনের মধ্যে ওঠানামা করেছে। সর্বশেষ হিসাবে, দাম ০.৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১০ দশমিক ৬৭ ডলারে দাঁড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে সমঝোতায় না এলে কঠোর পরিণতি হতে পারে। তার এই মন্তব্যের পর বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বিশেষজ্ঞদের মতে, বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা দীর্ঘায়িত হলে তেলের দাম আরও বাড়তে পারে। তবে কূটনৈতিক সমাধান এলে বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে।

বর্তমান পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে এর প্রভাব বেশি পড়তে পারে—জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার পাশাপাশি মুদ্রাস্ফীতির ঝুঁকিও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান