আন্তর্জাতিক একটি প্রতিবেদন অনুসারে, ইসলামাবাদে ইরানের সঙ্গে প্রত্যাশিত আলোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১ হাজার ৫০০ থেকে ২ হাজার সৈন্য মোতায়েনের পরিকল্পনা করছে।
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, পাকিস্তানের রাজধানীতে পরিকল্পিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা সত্ত্বেও ওয়াশিংটন এই অঞ্চলে তার সামরিক শক্তি বৃদ্ধি অব্যাহত রেখেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সম্প্রতি মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান পাঠিয়েছে এবং ৮২তম এয়ারবোর্ন ডিভিশন থেকে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার সৈন্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে।
মার্কিন নৌবাহিনীর একজন কর্মকর্তা সংবাদপত্রটিকে আরও জানিয়েছেন, হাজার হাজার মেরিন সেনা ওই অঞ্চলের দিকে রওনা হয়েছেন।
এই মোতায়েন পরিকল্পনা এমন এক সময় সামনে এলো, যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে মধ্যপ্রাচ্যের সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্যে ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছেন আজ ইসলামাবাদে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর হামলা শুরুর পর থেকে কয়েক সপ্তাহ ধরে চলা লড়াইয়ের শেষে বুধবার দুই সপ্তাহের যুদ্ধবিরতি মধ্যস্থতা করার পর ইসলামাবাদ আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
ইরানি কর্তৃপক্ষের ভাষ্যমতে, প্রায় ৩ হাজার ইরানি নিহত হয়েছেন।
এই সংঘাতে অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। এছাড়া বিশ্বের একটি গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচল ব্যাহত হয়েছে।

