ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চীনের চাপে হরমুজে ‘অবরোধ’ তুলে নিচ্ছেন ট্রাম্প?

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৯:০০ পিএম
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়াল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যকে ঘিরে। তিনি দাবি করেছেন, হরমুজ প্রণালি ‘স্থায়ীভাবে খুলে দেওয়ার’ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই পদক্ষেপে চীন ‘খুবই সন্তুষ্ট’।

ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ আর কখনো বন্ধ হবে না।

তার দাবি, এটি শুধু যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের জন্য নয়, বরং চীনের স্বার্থেও নেওয়া একটি সিদ্ধান্ত।

তিনি আরও দাবি করেন, বেইজিং তাকে আশ্বস্ত করেছে যে ইরানকে আর কোনো ধরনের অস্ত্র সরবরাহ করা হবে না। তবে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই দাবির সঙ্গে বাস্তব পরিস্থিতির অমিল রয়েছে বলে উল্লেখ করা হচ্ছে।

অন্যদিকে, সাম্প্রতিক প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানকে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের বিষয়ে চীন কাজ করছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন সামরিক ঘাঁটির অবস্থান শনাক্তে চীনা স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করছে ইরান।

এদিকে ইরানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানিয়েছেন, এসব অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন এবং সাজানো গল্প’।

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের এই মন্তব্য এবং পরবর্তী কূটনৈতিক প্রতিক্রিয়া আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও বিতর্কের জন্ম দিয়েছে।