বাংলাদেশে পবিত্র সিংহাসনের (ভ্যাটিকান) রাষ্ট্রদূত ও অ্যাপোস্টলিক নুনসিও আর্চবিশপ কেভিন স্টুয়ার্ট র্যান্ডেল এবং রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও গতকাল বুধবার কারিতাস রাজশাহী অঞ্চল পরিদর্শন করেছেন। এ উপলক্ষে কারিতাসের কর্মকর্তা-কর্মচারীরা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।
অতিথিদের স্বাগত জানাতে আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন এবং পুষ্পার্পণের মাধ্যমে শুভেচ্ছা জানান। পরিদর্শনের শুরুতে আর্চবিশপ কেভিন স্টুয়ার্ট র্যান্ডেল কারিতাস রাজশাহী আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে ‘লাউদাতো সি কর্নার’-এর উদ্বোধন করেন। পরে পরিবেশ সংরক্ষণ ও সৃষ্টিজগতের প্রতি দায়িত্ববোধের প্রতীক হিসেবে একটি বৃক্ষরোপণ করেন।
এরপর গ্যাব্রিয়েল কস্তা হলরুমে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।
প্রধান অতিথির বক্তব্যে আর্চবিশপ কেভিন স্টুয়ার্ট র্যান্ডেল বাংলাদেশে কারিতাসের দীর্ঘ ও গৌরবময় ইতিহাসের কথা উল্লেখ করে বলেন, মানবকল্যাণ ও সামাজিক উন্নয়নে কারিতাসের অবদান অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, পবিত্র পোপের শিক্ষা ও নির্দেশনা অনুসরণ করে কারিতাস রাজশাহী অঞ্চল মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশপ জের্ভাস রোজারিও বলেন, কারিতাস রাজশাহী অঞ্চল দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আরও অগ্রগতি অর্জন করে বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন