× UCB Sticker Card
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফারুক আহমেদ শাহেদ

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৫:০৯ এএম

আ.লীগ মোকাবিলায় প্রস্তুত জামায়াত-এনসিপি

ফারুক আহমেদ শাহেদ

প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ০৫:০৯ এএম

আ.লীগ মোকাবিলায় প্রস্তুত জামায়াত-এনসিপি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পতাকা উত্তোলন, মিছিলসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এসব কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার ঝুঁকি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ পরিস্থিতিতে সম্ভাব্য যেকোনো নাশকতামূলক অপতৎপরতা মোকাবিলায় সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠ দখলের ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ, জামায়াতে ইসলামী-এনসিপির এগারো-দলীয় জোটসহ বিভিন্ন রাজনৈতিক দল। সঙ্গে মাঠে থাকার ঘোষণা দিয়েছে সরকারি দল বিএনপিও।

দলগুলোর শীর্ষ নেতারা বলছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিহত করতে রাজপথ দখলে রাখা হবে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটি কর্মসূচি দিয়ে সারা দেশে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টির যে পাঁয়তারা করছে তা কোনোভাবেই সফল হবে না। শক্ত হাতে দমন করা হবে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবধরনের বাধা উপেক্ষা করে পতাকা উত্তোলনসহ পরিস্থিতি বুঝে কর্মসূচি পালন করবে তারা।

এদিকে পুলিশ সদর দপ্তরের এক বার্তায় জানানো হয়, ২৩ জুন ‘নিষিদ্ধ সংগঠন’ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল হতে পারে। এমন পরিস্থিতিতে, দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজি বরাবর পাঠানো ওই বার্তায় প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির ‘সম্ভাব্য কর্মকা- মূল্যায়ন’ করার কথা বলা হয়েছে।

এর পরই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার আশঙ্কায় ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়। তল্লাশি অভিযানসহ থানায় থানায় বিশেষ সতর্কতাও জারি করা হয়।

তবে আজ মঙ্গলবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন রাজপথে থাকবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যজোট। এদিন বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে এই সমাবেশ করবে। সেখানে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ রূপালী বাংলাদেশকে বলেন, আওয়ামী লীগ আমলে সংঘটিত গুম, খুন, হত্যাকা-ের বিচারের দাবিতে আজ (মঙ্গলবার) রাজধানীতে ১১-দলীয় ঐক্যজোট সমাবেশ করবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের উত্থান সরকার না ঠেকাতে পারলে ১১ দল দেশবাসীকে সঙ্গে নিয়ে তা রুখে দেবে।

তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়ায় শিথিলতার কারণে ফ্যাসিবাদের উত্থানের পদধ্বনি শোনা যাচ্ছে। বিভিন্ন জায়গায় উত্তেজনা তৈরি হচ্ছে, হামলার ঘটনা ঘটছে।

জোটের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানা যায়, জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘ঠেকাতে’ মঙ্গলবার রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল।

একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাতে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের পক্ষে জানানো হয়, ফ্যাসিস্ট কর্তৃক সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে এনসিপি সব জেলা ও মহানগরে মঙ্গলবার বিকেল ৫টায় বিক্ষোভ সমাবেশ করবে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগ যেখানেই নাশকতার চেষ্টা করবে সেখানেই সজাগ দৃষ্টি রাখবে এনসিপি।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ রূপালী বাংলাদেশকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে সারা দেশে গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থাকবে। তিনি বলেন, বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়েছিল। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন। ইতোমধ্যে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগ আগামীকাল (আজ) সারা দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য গোপন প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনও সতর্ক রয়েছে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকেও মাঠে থাকতে হবে।

তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা প্রতিরোধে সারা দেশে গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে অবস্থান নেবে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিরোধের লক্ষ্যে সরকারি দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয় দেশের বিভিন্ন স্থানে। দেশের বিভিন্নস্থানে যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল ও শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এতে অংশ নেন। এ সব সংগঠনের নেতারা বলেন, যে স্বৈরাচার দেশের মানুষের রক্ত ঝরিয়েছে, তাদের বাংলার মাটিতে আর মিছিলের সুযোগ দেওয়া হবে না। এ দেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করার সুযোগ আমরা দেব না।

এদিকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া রূপালী বাংলাদেশকে বলেন, সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে মঙ্গলবার জেলা ও মহানগর অধীস্থ ইউনিটগুলোতে যুবদল প্রতিবাদ মিছিল করবে।

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে গত কয়েকদিনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তৎপরতা লক্ষ করা যাচ্ছে। দেশের কয়েকটি স্থানে ছোটখাটো মিছিলও করতে দেখা গেছে। যেখানে পুলিশের হাতে বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তারের খবরও পাওয়া গেছে।

দলটির কেন্দ্রীয় নেতা শফিউল আলম চৌধুরী নাদেল রূপালী বাংলাদেশকে বলেন, ‘দেশে ইতোমধ্যেই আওয়ামী লীগ নানা কর্মসূচির মাধ্যমে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছে। এর মধ্য দিয়ে দলটি প্রমাণ করেছে যে, তাদের শিকড় অনেক গভীরে এবং জনপ্রিয়তা আগেও ছিল, এখনো আছে। প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মতো কর্মসূচির মধ্য দিয়ে দলটি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করবে। পরিস্থিতি বিবেচনায় এদিন পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।’

দলটির আরেক সিনিয়র নেতা জসিম উদ্দিন বলেন, আমরা স্বাভাবিকভাবেই ছোট ছোট কর্মসূচি পালন করছি, যেগুলোতে কোনো ধরনের নাশকতার ছায়া নেই। তিনি অভিযোগ করেন, ‘সরকার নির্দিষ্ট গোষ্ঠী/দলকে চাপে রাখতে আমাদের বিরুদ্ধে দোষারোপ করে সাধারণ কর্মসূচি ঘিরে এক ধরনের হাইপ সৃষ্টি করছে।

উল্লেখ্য, গতকালও রাজধানীর ধানমন্ডিসহ কয়েকটি স্থানে ছোট ছোট ঝটিকা মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজনকে আটক করাও হয়েছে। এদিকে বিশৃঙ্খলা এড়াতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মিছিলসহ কোনো ধরনের কর্মসূচি যাতে পালন করতে না পারে সেদিকে নজরদারি রাখতে পুলিশকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ডিএমপির পক্ষ থেকে।

রূপালী বাংলাদেশ

Link copied!