ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে ‘আয়নাঘরে’ ঢুকিয়ে ‘ইলেকট্রিক শক’ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি রেহানা আক্তার রানু। শেখ হাসিনা তার শাসনামলে বিরোধীদলের নেতাদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছেন, সে জন্য এমন দাবি উত্থাপন করেন তিনি।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এমপি রানু বলেন, ‘কিছুদিন আগে একটা আয়নাঘর দেখলাম। সে আয়নাঘরে একটা চেয়ার দেখলাম। সেখানে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো।’ তিনি বলেন, ‘যে চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো, আমার দাবিÑ শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসাইয়া-শোয়াইয়া ইলেকট্রিক শক দিতে হবে।’
বিরোধী দলের প্রতি ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে রানু বলেন, ‘অনৈক্যের কারণে আল্লাহ না করুকÑ দানব হাসিনা যদি ফিরে আসে, তাহলে যারা ফেসবুকের প্রোফাইল লাল করেছিলেন; তাদের জীবনটা কালো করে ছাড়বে।’
এদিন বাজেট আলোচনায় অংশ নিয়ে রানু প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে সমর্থন জানান। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, জাতীয় রাজস্ব বোর্ডে ‘সার্জিক্যাল অপারেশন’ প্রয়োজন। তিনি ব্যাংক লুটেরাদের সম্পদ নিলামে বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার দাবি জানান। এ ছাড়াও ফেনীতে মেডিকেল কলেজ, ফ্লাইওভার, পাবলিক বিশ্ববিদ্যালয়, গ্যাস সংযোগ, এলপিজির দাম কমানো এবং ফ্যামিলি কার্ড কর্মসূচি দ্রুত চালুরও দাবি জানান এই এমপি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন