কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিয়ে করা বাংলাদেশি স্ত্রীর বিরুদ্ধে অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ তুলেছেন এক চীনা নাগরিক। অভিযোগ নিয়ে গত সোমবার রাতে ফুলবাড়ী থানায় গেলে পুলিশ জানায়, ঘটনাটি ঢাকার সাভার এলাকায় ঘটেছে। তাই তাকে সাভার থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগকারী চীনা নাগরিক আন হংওয়েইয়ের দাবি, তার স্ত্রী মোর্শেদা খাতুন প্রতারণার মাধ্যমে কয়েক লাখ টাকা মূল্যের মার্কিন ডলার এবং তার গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে নিখোঁজ হয়েছেন।
জানা গেছে, ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা মোর্শেদা খাতুন ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করার সময় আন হংওয়েইয়ের সঙ্গে পরিচিত হন। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর স্বামীকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন মোর্শেদা। চীনা নাগরিককে দেখতে এলাকায় উৎসুক মানুষের ভিড়ও জমে। ফুলবাড়ী থানার ওসি মাহমুদুল হাসান নাঈম জানান, অভিযোগের বিষয়টি প্রাথমিকভাবে ঢাকার সাভার এলাকায় ঘটেছে বলে জানা গেছে। এ কারণে ওই চীনা নাগরিককে সাভার থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। তিনি আরও জানান, ভাষাগত সমস্যার কারণে আন হংওয়েইয়ের বক্তব্য পুরোপুরি বোঝা সম্ভব হয়নি। তবে তিনি ইশারার মাধ্যমে অভিযোগের বিষয়টি পুলিশকে জানিয়েছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন