হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে নিজ বাড়ির পাশের একটি বরুণ গাছে সেলিম মিয়া (৩২) নামে ওই যুবকের মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। নিহত সেলিম মিয়া ওই গ্রামের মৃত মারুত মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা সেলিম মিয়াকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের একটি গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। সঙ্গে সঙ্গে বিষয়টি নবীগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নবীগঞ্জ থানার ওসি দুলাল মিত্র জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়দের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন