গাজীপুর মহানগরীর টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে টঙ্গী স্টেশন রোড বাস কাউন্টার-সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিট থেকে ৭টার মধ্যে ওই যুবক একজনের কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় স্থানীয় অটোরিকশাচালক ও পথচারীরা বিষয়টি টের পেয়ে তাকে আটকানোর চেষ্টা করলে বাগবিত-া ও হাতাহাতি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে সে গুরুতর আহত হয়ে সড়কের ওপর পড়ে থাকে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে টঙ্গীর সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বয়স আনুমানিক ১৮ বছর। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় কোনো গ্রেপ্তারের তথ্যও পাওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিআইডির বিশেষজ্ঞ টিমের সহায়তায় নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন