ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আব্দুর রশিদ (৬৫) নামের এক কয়েদি অসুস্থ হয়ে মারা গেছেন। মঙ্গলবার দিনগত গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ওই কয়েদির মৃত্যু হয়।
কারারক্ষী শাহ্ আলম জানান, আব্দুর রশিদ কেন্দ্রীয় কারাগারে মঙ্গলবার রাত ১১টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক কয়েদি রশিদকে মৃত ঘোষণা করেন। আব্দুর রশীদ কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। তার বাবা মৃত আকবর আলী। তবে তিনি কোন মামলায় কারাগারে বন্দি ছিলেন তা এখনো জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন