চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকার জাকির হোসেন সড়কে গ্যাস পাইপলাইন ফেটে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুর ১টার দিকে সড়কের নিচ থেকে গ্যাস বের হয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশের একটি নালার ভেতর দিয়ে গ্যাসের পাইপলাইন গেছে। পাইপলাইন ফেটে গ্যাস বের হতে থাকলে একপর্যায়ে সেখানে আগুন ধরে যায়। সড়কের নিচ থেকে আগুনের শিখা বের হতে দেখে আশপাশের মানুষ নিরাপদ দূরত্বে সরে যান। এ সময় যানবাহনও সতর্কতার সঙ্গে এলাকা অতিক্রম করে।
হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে চট্টগ্রাম নগরের লেক এলাকার জাকির হোসেন সড়কে। স্থানীয় বাসিন্দা আকরাম জানান, সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির বাতি হঠাৎ বিস্ফোরিত হয়। এরপর সেখান থেকে আগুনের ফুলকি নিচে পড়তেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পর একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন ঢালী জানান, কী কারণে পাইপলাইন ফেটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতোমধ্যে কোম্পানির কর্মীরা ঘটনাস্থলে কাজ শুরু করেছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন