× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৫:২৩ এএম

সাকিবকে ছাড়িয়ে সবার ওপরে এখন তাইজুল

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৫:২৩ এএম

সাকিবকে ছাড়িয়ে সবার  ওপরে এখন তাইজুল

হারারে টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং ছিল হতাশাজনক। মাত্র ১৪০ রানে অলআউট হওয়ার পর পেসাররাও সহায়ক উইকেটে নিজেদের ছাপ রাখতে পারেননি। তবে দলের হতাশার দিনে ব্যতিক্রম ছিলেন তাইজুল ইসলাম। সবুজ ঘাসে মোড়া, পেসারবান্ধব উইকেটেও দুর্দান্ত বোলিং করে ৭ উইকেট শিকার করেছেন এই বাঁ-হাতি স্পিনার। সেই সঙ্গে নিজের নাম লিখিয়েছেন বাংলাদেশের টেস্ট ইতিহাসের একাধিক রেকর্ডে।

জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেট নেওয়ার মাধ্যমে দেশের বাইরে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি পাঁচ উইকেট শিকারের কীর্তি এখন তাইজুলের দখলে।

বিদেশের মাটিতে এটি তার ষষ্ঠ পাঁচ উইকেট। এর আগে এই তালিকায় শীর্ষে ছিলেন সাকিব আল হাসান, যার পাঁচ উইকেট ছিল পাঁচবার। মোহাম্মদ রফিক ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন তিনবার করে।

শুধু পাঁচ উইকেটই নয়, হারারেতে ৭ উইকেট নিয়ে দেশের বাইরে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ডও নিজের করে নিয়েছেন তাইজুল। তার ১৩৮ রানে ৭ উইকেট এখন বিদেশের মাটিতে বাংলাদেশের কোনো বোলারের সেরা ইনিংস। এর আগে এই রেকর্ড ছিল সাকিব আল হাসানের, যিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিয়েছিলেন ৩৩ রানে ৬ উইকেট। তালিকার তৃতীয় স্থানে আছেন ইবাদত হোসেন, নিউজিল্যান্ডের বিপক্ষে যার বোলিং ফিগার ছিল ৪৬ রানে ৬ উইকেট।

টেস্টে ইনিংসে সাত উইকেট নেওয়ার কীর্তিও এখন তিনবার গড়েছেন তাইজুল। বাংলাদেশের ইতিহাসে আর কোনো বোলার একাধিকবার এই মাইলফলকে পৌঁছাতে পারেননি। এনামুল হক জুনিয়র, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের প্রত্যেকের ঝুলিতে রয়েছে একটি করে সাত উইকেট।

এছাড়া টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি পাঁচ উইকেট শিকারের রেকর্ডেও এখন সাকিব আল হাসানের পাশে জায়গা করে নিয়েছেন তাইজুল। দুজনেরই এখন ১৯টি করে পাঁচ উইকেট শিকার রয়েছে। তবে এই মাইলফলকে পৌঁছাতে তাইজুল খেলেছেন ১০৭ ইনিংস, যেখানে সাকিবের লেগেছে ১২১ ইনিংস। তালিকার তৃতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ, তার পাঁচ উইকেট রয়েছে ১৪ বার।

ব্যাটিং ব্যর্থতা আর পেসারদের নিষ্প্রভ পারফরম্যান্সে হারারের টেস্টে বাংলাদেশ পিছিয়ে পড়লেও, তাইজুল ইসলাম আবারও দেখালেন কেন তিনি দলের সবচেয়ে নির্ভরযোগ্য ম্যাচজয়ী বোলারদের একজন। সহায়ক না হওয়া কন্ডিশনেও নিজের সামর্থ্য আর ধারাবাহিকতায় তিনি আরেকবার উজ্জ্বল হয়ে থাকলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!