নেত্রকোনার পূর্বধলায় বিশেষ অভিযানে দুই লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বলসহ একটি পিকআপভ্যান জব্দ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের ইছুলিয়া বাজারে এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে ইছুলিয়া বাজার এলাকায় একটি পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় ১৬টি বস্তায় ১৬০ পিস ভারতীয় সিঙ্গেল কম্বল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক পিকআপ ফেলে দ্রুত পালিয়ে যায়। উদ্ধারকৃত কম্বলের বাজারমূল্য প্রায় দুই লাখ ৪০ হাজার টাকা। পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন