গত দুই বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স এবারও শিরোপার দাবিদার হিসেবে নিজেদের শক্তির প্রমাণ দিয়ে চলেছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ নিউজার্সি স্টেডিয়ামে সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে। চলতি আসরে এটি তার দ্বিতীয় জোড়া গোল। ছয় গোল নিয়ে তিনি গোল্ডেন বুটের লড়াইয়ে লিওনেল মেসি সমতায় উঠে এসেছেন।
ম্যাচজুড়ে আক্রমণে একচ্ছত্র আধিপত্য ছিল ফ্রান্সের। তবে একের পর এক সুযোগ নষ্ট, অফসাইডে গোল বাতিল এবং দুইবার গোলপোস্টে বল লাগায় দীর্ঘ সময় গোলের দেখা পাচ্ছিল না দিদিয়ের দেশমের দল।
১৭তম মিনিটে এমবাপের দুর্বল শট সহজেই ধরে ফেলেন সুইডেনের গোলরক্ষক জেটারস্ট্রম। তিন মিনিট পর ব্র্যাডলি বারকোলার শক্তিশালী শট উড়ে যায় গোলবারের ওপর দিয়ে। ২১তম মিনিটে মাইকেল অলিসের পাস থেকে বল জালে পাঠালেও অফসাইডের কারণে এমবাপের গোলটি বাতিল হয়।
হাইড্রেশন বিরতির পরও আক্রমণ চালিয়ে যায় ফ্রান্স। আদ্রিয়েন রাবিওর শট দারুণভাবে ঠেকিয়ে দেন জেটারস্ট্রম। ৩৩তম মিনিটে অলিসের পাস থেকে এমবাপের জোড়ালো শট পোস্টে আঘাত করে ফিরে আসে। পরের মিনিটে রাবিওর আরেকটি প্রচেষ্টা গোলবারের ওপর দিয়ে চলে যায়। ৩৭তম মিনিটে এমবাপে দুর্দান্ত এক ওভারহেড কিকে গোলের খুব কাছাকাছি পৌঁছেছিলেন, কিন্তু সেটিও পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে সুযোগ কাজে লাগাতে পারেননি উসমান দেম্বেলে।
অবশেষে প্রথমার্ধের ৪৫তম মিনিটে ভাঙে অপেক্ষা। বক্সের বাম দিক থেকে বল পেয়ে অসাধারণ পায়ের কারিকুরিতে ডিফেন্ডারকে কাটিয়ে কাছ থেকে নিখুঁত শটে জাল কাঁপান এমবাপে। গোল করার পর সম্প্রতি মাকে হারানো কোচ দিদিয়ের দেশমের কাছে ছুটে গিয়ে তাকে সান্ত্বনা জানান ফরাসি অধিনায়ক। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফ্রান্স।
প্রথমার্ধে সুইডেন কয়েকটি আক্রমণ গড়লেও ফরাসি গোলরক্ষক মাইক মাইগনানের জন্য বড় কোনো পরীক্ষা তৈরি করতে পারেনি তারা।
বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে ফ্রান্স। এমবাপে আরও একটি গোল করে নিজের জোড়া পূর্ণ করেন। শেষ দিকে আরেকটি গোল যোগ করে ৩-০ ব্যবধানের দাপুটে জয় নিশ্চিত করে ফরাসিরা।
এই জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। একই সঙ্গে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ছয় নিয়ে গেছেন এমবাপে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন