নারী ও শিশুর প্রতি সহিংসতা, যৌন নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে শুধু কঠোর আইন নয়, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম। তিনি বলেন, অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি সমাজে তাদের কোনো ধরনের গ্রহণযোগ্যতা রাখা যাবে না।
গতকাল মঙ্গলবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, সম্প্রতি শিশুদের ওপর ঘটে যাওয়া নৃশংস ঘটনাগুলো সমাজকে নাড়িয়ে দিয়েছে। অনেক সময় সামাজিক সংকোচের কারণে ভুক্তভোগী পরিবার বিচার চাইতে পিছিয়ে যায়, যা অপরাধীদের উৎসাহিত করে। নারী ও শিশু নির্যাতন, মানবপাচার ও অ্যাসিড সন্ত্রাস প্রতিরোধে কঠোর আইন থাকলেও সচেতনতা ও সামাজিক প্রতিরোধ ছাড়া এসব অপরাধ নির্মূল সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, একক পরিবার বৃদ্ধি, স্মার্টফোন ও ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার, অনলাইন আসক্তি এবং মাদকের বিস্তার শিশু-কিশোরদের ঝুঁকিতে ফেলছে। তাই অভিভাবকদের সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল হতে হবে এবং নির্যাতনের ঘটনা গোপন না করে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান ও ডেপুটি সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম বক্তব্য দেন। এর আগে সচেতনতা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন