ভিডিও নির্মাতাদের জন্য নতুন একগুচ্ছ সুবিধা নিয়ে এসেছে ইনস্টাগ্রামের ভিডিও সম্পাদনার অ্যাপ এডিটস । সর্বশেষ আপডেটে যুক্ত হয়েছে স্বয়ংক্রিয় দ্বিভাষিক ক্যাপশন, উন্নত ভিডিও সম্পাদনার টুল, মৌসুমি সাউন্ড ইফেক্ট এবং আরও কিছু সৃজনশীল ফিচার। পাশাপাশি শিগগিরই অ্যাপটিতে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী ও বহুল প্রতীক্ষিত ডেস্কটপ সংস্করণ। ইনস্টাগ্রাম জানিয়েছে, নতুন দ্বিভাষিক ক্যাপশন সুবিধার মাধ্যমে ভিডিওর ক্যাপশন স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় একটি ভাষায় অনুবাদ করা যাবে। ফলে আলাদা কোনো অনুবাদ অ্যাপ ব্যবহার ছাড়াই নির্মাতারা সহজে বিভিন্ন ভাষাভাষী দর্শকের কাছে পৌঁছাতে পারবেন।
প্রাথমিকভাবে এই সুবিধা ১৫টি ভাষায় চালু করা হয়েছে। ভাষাগুলোর মধ্যে রয়েছে ইংরেজি, বাংলা, হিন্দি, স্প্যানিশ, পর্তুগিজ, ফরাসি, জার্মান, ইতালীয়, জাপানি, কোরীয়, থাই, ইন্দোনেশীয়, রুশ, গুজরাটি ও কন্নড়। দ্বিভাষিক ক্যাপশনের পাশাপাশি এডিটসে নতুন ওভারলে সমর্থনযুক্ত টেমপ্লেট, নির্দিষ্ট ভিডিও ক্লিপ লক করার সুবিধা এবং ‘সিজনাল সাউন্ড ইফেক্টস’ ফিচার যুক্ত হয়েছে। ক্লিপ লক করার মাধ্যমে সম্পাদনার সময় গুরুত্বপূর্ণ অংশ অনিচ্ছাকৃতভাবে পরিবর্তিত হওয়ার ঝুঁকি কমবে। বর্তমানে অ্যাপটি ব্যবহার করে ভিডিও ধারণ, ফ্রেম-ভিত্তিক সম্পাদনা এবং সর্বোচ্চ ১০ মিনিট দৈর্ঘ্যরে ওয়াটারমার্কবিহীন ৪কে ভিডিও বিনা মূল্যে রপ্তানি করা যায়। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এআই সহকারী, ডেস্কটপ সংস্করণ এবং নতুন সম্পাদনা সুবিধাগুলো চালু হলে ভিডিও সম্পাদনার বাজারে ক্যাপকাট-এর সঙ্গে প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে মেটার এডিটস অ্যাপ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন