আগামী ছয় মাসের মধ্যে গুলশান ও বারিধারা লেকে যুক্ত বর্জ্য নির্গমনের সব অবৈধ লাইন পুরোপুরি বন্ধ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় গতকাল রোববার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে এ সভা হয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন জানান, বৈঠকে প্রধানমন্ত্রী ধানমন্ডি ও গুলশানসহ ঢাকার লেকগুলো পুনরুদ্ধার ও পরিচ্ছন্ন রাখা এবং বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের বিষয়ে কয়েকটি উপস্থাপনা পর্যালোচনা করেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন এবং রাজধানীর পরিবেশ ও জলাধার সংরক্ষণে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। গুলশান লেকের উন্নয়নের কাজ নেতৃত্ব দেবে রাজউক।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমাদ সোহেল মঞ্জুর, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন