আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য সংঘাত এড়াতে ঝিনাইদহের শৈলকুপায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লার নির্দেশনায় গত শনিবার রাতে উপজেলার বগুড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই অভিযান পরিচালনা করে দেশি বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে পুলিশ বিভিন্ন স্থান থেকে ঢাল, সড়কি, ফলা, টেঁটা, রামদা ও দেশীয় কুড়ালসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। স্থানীয়ভাবে প্রভাব বিস্তার ও সংঘর্ষের উদ্দেশ্যে এসব অস্ত্র মজুত করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও অস্ত্র উদ্ধার হওয়ায় এলাকায় জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে। পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন