কুষ্টিয়ার ভেড়ামারায় সাপের কামড়ে সম্রাট হোসেন (২২) নামের এক রাজমিস্ত্রির সহকারীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সম্রাট উপজেলার মোকারিমপুর ইউনিয়নের কারিগর পাড়ার বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, দুপুরে কাজের সময় সাপে দংশন করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সম্রাটের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। ভেড়ামারা থানার ওসি মো. জাহেদুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন