চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনায় নয়ন (১৮) নামে এক ভ্যানচালকের ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত নয়ন হাটবাকইল এলাকার আব্বাসের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত বুধবার রাত আনুমানিক ৯টার দিকে গোডাউনটিতে আগুন লাগার খবর পেয়ে নাচোল ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় গোডাউনের তালা খুলে ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনে। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মাহবুবুল ইসলাম জানান, অগ্নিকা-ে ডাল, তেল, চিনি ও অন্যান্য টিসিবির পণ্য ক্ষতিগ্রস্ত হলেও কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ এমদাদুল হক জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর গোডাউনের ভেতরে তল্লাশি চালিয়ে নয়নের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকা-ের সময় নয়ন ভবনের ওপরতলায় ওঠেন। ঘন ধোঁয়ার কারণে বের হতে না পেরে তিনি সেখানেই মারা যান। ঘটনার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন