অনেক দিন হলো তিনি ছোটপর্দা থেকে দূরে। সেভাবে তাকে সিরিজ বা সিনেমায় দেখা যায়নি। অনেক দিন পরে আবার ছোটপর্দায় দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে। তবে এবার একটু অন্য রূপে। শোনা যাচ্ছে, মহিষাসুরমর্দিনী রূপে এবার ধরা দেবেন অভিনেত্রী। ফাঁস হলো ‘পার্বতী’ রূপে দিতিপ্রিয়ার লুক।
খোলা চুল, আলতা মাখা হাত, কপালে হালকা চন্দনের কাজ, পরনে গোলাপি বেনারসিÑ দেবীরূপে দাঁড়িয়ে অভিনেত্রী। মহালয়ার ভোরে ‘অভয়াশক্তি’ রূপে ছোটপর্দায় দেখা যাবে তাকে। ইতোমধ্যেই হয়ে গেছে লুকসেট। অন্দরের আলোচনা, চলতি সপ্তাহের শেষেই হবে ‘অভয়াশক্তি’র শুটিং। দেবী দুর্গার অসুররূপে দেখা যাবে কাকে?
শোনা যাচ্ছে, আগের বছরের মতো এই বছরেও অভিনেতা জ্যামিকে অসুর হিসাবে দেখা যেতে পারে। কিন্তু এখন তা চূড়ান্ত হয়নি। লুকসেট হওয়া এখনো বাকি। অন্যদিকে, দিতিপ্রিয়াকে দেখা যেতে পারে দেবী মায়ের তিন রূপে। অন্দরের ফিসফাস, ‘ভালোবাসার রং রুট’ ধারাবাহিকের অভিনেত্রী মিষ্টি সিংহ রায়কেও দেখা যেতে পারে মহিষাসুরমর্দিনীতে। তবে এখনো নাকি কারো লুকসেট হয়নি।
প্রসঙ্গত, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অভিনয় করার সময় সহ-অভিনেতার সঙ্গে মতানৈক্য তৈরি হয় দিতিপ্রিয়ার। সেই জল গড়িয়েছিল বহু দূর। সমাজমাধ্যমে পর্যন্ত গড়িয়েছিল তাদের দ্বন্দ্ব। শেষে মাঝপথে ধারাবাহিক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। মাঝের কয়েক মাস ক্যামেরার আড়ালেই ছিলেন দিতিপ্রিয়া। দেবীরূপে তাকে দেখার জন্য মুখিয়ে অনুরাগীরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন