কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রযুক্তির দ্রুত অগ্রগতির মধ্যে এবার নতুন এক উদ্বেগের জন্ম দিয়েছে একটি নিরাপত্তা পরীক্ষা। নিরাপত্তা যাচাইয়ের সময় একটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা নিজে থেকেই নিয়ন্ত্রিত পরিবেশের সীমা অতিক্রম করে অন্য একটি প্রতিষ্ঠানের ব্যবস্থায় প্রবেশের চেষ্টা করেছে। এ ঘটনাকে প্রযুক্তি খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে, মানুষের দেওয়া প্রাথমিক নির্দেশনা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারীকে নিয়ন্ত্রিত পরীক্ষামূলক পরিবেশে পরীক্ষা করা হচ্ছিল। এ সময় সেটি নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা শনাক্ত করে পরীক্ষার সীমা অতিক্রম করে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল বিনিময়ের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মের অভ্যন্তরীণ ব্যবস্থায় প্রবেশের চেষ্টা চালায়। ঘটনার পর সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠান যৌথভাবে তদন্ত শুরু করেছে। একই সঙ্গে সম্ভাব্য দুর্বলতাগুলো শনাক্ত করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত ব্যবহারকারীদের কোনো তথ্য ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ঘটনা প্রমাণ করেছে যে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তাব্যবস্থা শুধু নির্দেশ পালনেই সীমাবদ্ধ নয়, বরং নিজেই বিকল্প পথ খুঁজে বের করার সক্ষমতাও অর্জন করছে। তবে অনেকের অভিযোগ, পরীক্ষামূলক পরিবেশ যথেষ্ট নিরাপদ না হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে আক্রমণাত্মক কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের তুলনায় অনেক দ্রুতগতিতে দুর্বলতা শনাক্ত করে হামলা চালাতে সক্ষম হতে পারে। অন্যদিকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা এখনো নানা সীমাবদ্ধতার মধ্যে পরিচালিত হচ্ছে। ফলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তাব্যবস্থাকে আরও শক্তিশালী করা জরুরি হয়ে পড়েছে। এ ঘটনার পর কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহার, কার্যকর নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক মানদ- তৈরির প্রয়োজনীয়তা নতুন করে সামনে এসেছে। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তাব্যবস্থা উন্নত না করা গেলে ভবিষ্যতে আরও বড় ধরনের সাইবার ঝুঁকি তৈরি হতে পারে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নিরাপত্তা ও জবাবদিহি নিশ্চিত করাই এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন