বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় কৃষিপণ্য রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ। গতকাল শুক্রবার বেলা ১১টায় তিনি তালোড়া রেলস্টেশনের পশ্চিম উত্তর পাশে নির্ধারিত স্থানটি সরেজমিনে পরিদর্শন করেন এবং নকশা ও কাগজপত্র খতিয়ে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান, যুগ্ম সচিব কামরুল হাসান, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল মহিত তালুকদার, আরডিএ’র ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মো. ছামসুদ্দিন ফিরোজসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। পরিদর্শনকালে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, তালোড়ায় এই কৃষি ইপিজেড স্থাপিত হলে স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন