ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন একটি ভেরিফিকেশন সুবিধা চালু করতে যাচ্ছে মেটা। ‘ফেসবুক ভেরিফায়েড’ নামে আসা এই সেবার মাধ্যমে নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারলে কোনো ধরনের অর্থ পরিশোধ ছাড়াই ব্যবহারকারীরা ভেরিফায়েড ব্যাজ পাবেন। ভুয়া অ্যাকাউন্টের বিস্তার কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় দ্রুত শনাক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
নতুন এই ব্যবস্থায় ভেরিফিকেশনের জন্য ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও জমা দিতে হবে। এরপর মেটার স্বয়ংক্রিয় প্রযুক্তি ভিডিওটির সঙ্গে প্রোফাইল ছবির মিল যাচাই করে পরিচয় নিশ্চিত করবে। সব তথ্য সঠিক থাকলে কয়েক মিনিটের মধ্যেই সংশ্লিষ্ট অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে।
তবে এই সুবিধা সবার জন্য উন্মুক্ত থাকছে না। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। একই সঙ্গে অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া তথ্য প্রচার বা কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের ইতিহাস থাকলে আবেদন গ্রহণ নাও করা হতে পারে। প্রথম পর্যায়ে ভেরিফায়েড ব্যাজটি ব্যবহারকারীর প্রোফাইল, গ্রুপ, মার্কেটপ্লেস এবং ফেসবুক ডেটিং সেবায় দেখা যাবে। পরবর্তী সময়ে ফিডের পোস্টেও এটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। একবার পরিচয় যাচাই সম্পন্ন হলে পুরো ফেসবুক প্ল্যাটফর্মেই এই ভেরিফিকেশন কার্যকর থাকবে।
তবে মেটা স্পষ্ট করেছে, নতুন এই সেবা তাদের বিদ্যমান মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশনের বিকল্প নয়। কারণ মেটা ভেরিফায়েড একটি অর্থের বিনিময়ে পাওয়া সেবা, যেখানে অতিরিক্ত গ্রাহক সহায়তা, উন্নত নিরাপত্তা এবং বিভিন্ন প্রিমিয়াম সুবিধা দেওয়া হয়। অন্যদিকে ফেসবুক ভেরিফায়েড শুধুমাত্র ব্যবহারকারীর পরিচয় যাচাইয়ের জন্য চালু করা হচ্ছে। ফলে এতে কোনো অতিরিক্ত গ্রাহক সহায়তা বা প্রিমিয়াম সুবিধা থাকবে না।
প্রথম ধাপে বিশ্বের কয়েকটি দেশে এই সুবিধা চালু করা হবে। পরে ধাপে ধাপে অন্যান্য দেশেও এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। মেটার আশা, এই উদ্যোগের মাধ্যমে ফেসবুকে ভুয়া পরিচয়ের ব্যবহার কমবে এবং প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের জন্য আরও নিরাপদ, নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য হয়ে উঠবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন