যশোরের মণিরামপুরে প্রেমিকার বাড়িতে রাব্বি হোসেন (১৬) নামের এক কিশোর বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার দিঘীরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। রাব্বি হানোয়ার গ্রামের জামাল মোড়লের ছেলে। বর্তমানে সে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। রাব্বি জানায়, দিঘীরপাড় গ্রামের কামরুল ইসলামের মেয়ে স্নেহা খাতুনের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন রাত ৮টার দিকে স্নেহা ও তার মা ফোন করে তাকে তাদের বাড়িতে ডেকে নেন। সেখানে পৌঁছানোর পর স্নেহার বাবা কামরুল ইসলাম ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। এই অপমানে ও অভিমানে সে প্রেমিকার বাড়িতেই বিষপান করে। রাব্বির বাবা জামাল মোড়ল জানান, মেয়েপক্ষ ফোনে বিষপানের খবর দিলে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন