রাজশাহীর তানোরে মোবাইলে জুয়া খেলা দেখে ফেলায় জুবায়ের হোসেন (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ঘরে বন্দি করে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে। গুরুতর আহত শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
আহত জুবায়ের উপজেলার কলমা ইউনিয়নের চন্দনকোঠা গ্রামের মুকসেদের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। অভিযুক্ত জুয়াড়ির নাম মতিন, তিনি একই গ্রামের বাসিন্দা।
জানা গেছে, গত শনিবার উপজেলার চন্দনকোঠা গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে বসে মোবাইলে জুয়া খেলছিলেন মতিন। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় স্কুলছাত্র জুবায়ের ঘটনাটি দেখে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে জুয়াড়ি মতিন জুবায়েরকে ধরে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান এবং ঘরে বন্দি করে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটান। পরে ছাত্রের চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত ছাত্র জুবায়ের জানায়, মোবাইলে জুয়া খেলা দেখে ফেলায় মতিন আমাকে ধরে নিয়ে গিয়ে ঘরে বন্দি করে পিটিয়েছে। আমার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।
ভুক্তভোগীর পিতা মুকসেদ বলেন, আমার ছেলের অপরাধ সে জুয়া খেলা দেখে নিয়েছিল। এ কারণে মতিন তাকে অমানবিক ও নির্মমভাবে পিটিয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু ও ন্যায্য বিচার দাবি করছি। স্থানীয়দের অভিযোগ, মতিন দীর্ঘ দিন ধরে এলাকায় মোবাইল জুয়া চালিয়ে আসছে। তার জুয়ার খপ্পরে পড়ে অনেকেই সর্বস্বান্ত হয়েছেন। এলাকাবাসী অবিলম্বে তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে তানোর থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানান, অভিযোগ দায়েরের পর রোববার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন