নারায়ণগঞ্জের রূপগঞ্জে গৃহবধূ শাফিয়া বেগমকে হত্যা করে স্বর্ণালংকার লুটের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রুবেল মিয়া ওরফে রুবেল প্রধানকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদ- দেওয়া হয়। এ ছাড়া ডাকাতির অভিযোগে পৃথক ধারায় ১০ বছরের সশ্রম কারাদ- ও ৫০ হাজার টাকা অর্থদ-ের রায় দেন। রোববার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।
আদালত সূত্রে জানা যায়, দ-প্রাপ্ত রুবেল চাঁদপুরের মতলব থানার বাসিন্দা লিটন মুন্সির ছেলে। তবে ঘটনার সময় তিনি ঢাকার শাহজাদপুরের খিলবাড়ির টেক এলাকায় বসবাস করতেন। ২০২১ সালের ২২ জানুয়ারি রূপগঞ্জের জাঙ্গীর এলাকায় নিজ বাড়িতে ছিলেন শাফিয়া বেগম। পরিবারের অন্য সদস্যরা কাজে ব্যস্ত ও তার স্বামী জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে গেলে সেই সুযোগে ঘরে ঢোকে দুর্বৃত্তরা। পরে ধারালো অস্ত্র দিয়ে শাফিয়ার গলায় একাধিক আঘাত করে তাকে হত্যা করা হয়। পরে তার গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও কানে থাকা স্বর্ণের দুল লুট করে পালিয়ে যায় ঘাতক।
ঘটনার পর নিহতের মেয়ে ফেরদৌসি বেগম মায়া থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০২৩ সালের ১৭ জুন পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণ, আলামত ও নথিপত্র পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন আদালত।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন