ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিজয় দিবসে তিন দিনের যুদ্ধবিরতিতে রাশিয়া-ইউক্রেন

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৬, ০৬:৫৫ এএম

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত বিজয়ের বার্ষিকী উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। শনিবার থেকে সোমবার পর্যন্ত কার্যকর থাকা এই যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে উভয় দেশ এক হাজার করে যুদ্ধবন্দি বিনিময়ে রাজি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, দীর্ঘ ও প্রাণঘাতী এই যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, যুদ্ধ বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টাপাল্টি হামলার অভিযোগ ওঠে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, ইউক্রেনীয় বাহিনী শত শত ড্রোন হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে। অন্যদিকে ইউক্রেন অভিযোগ করেছে, রুশ বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ব্যাপক হামলা চালিয়েছে। এর মধ্যেই মস্কোর রেড স্কয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজে বক্তব্য দেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন।

তিনি ইউক্রেন যুদ্ধকে ‘ন্যায্য লড়াই’ বলে দাবি করেন এবং বলেন, ইউক্রেনকে ন্যাটো জোট অস্ত্র ও সমর্থন দিচ্ছে। পুতিনের ভাষণে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত সেনাদের আত্মত্যাগের প্রসঙ্গও উঠে আসে। এবারের অনুষ্ঠানে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হলেও প্রায় দুই দশকের মধ্যে প্রথমবার কোনো ভারী সামরিক যান প্রদর্শন করা হয়নি। অনুষ্ঠানে বেলারুশ, লাওস ও মালয়েশিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। যুদ্ধবিরতি ঘিরে নতুন আশার সৃষ্টি হলেও পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চল নিয়ে দুই দেশের বিরোধ এখনো অমীমাংসিত রয়ে গেছে। ফলে সাময়িক বিরতির পর সংঘাত আবারও তীব্র হওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকেরা।