ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যুদ্ধবিরতি শেষ হতেই ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৭:২১ এএম

তিন দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতেই ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভ, পশ্চিমাঞ্চলীয় লভিভ ও বন্দরনগরী ওডেসাসহ বিভিন্ন এলাকায় চালানো হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, বুধবার সকাল থেকে শুরু হওয়া হামলায় প্রায় আটশ ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। বহু বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। এর পাল্টা জবাবে রাশিয়ার ভেতরেও ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকটি শিল্প স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র কারখানাও রয়েছে বলে জানা গেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ৯ থেকে ১১ মে পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হলেও উভয়পক্ষই তা লঙ্ঘনের অভিযোগ তোলে। ফলে চার বছরের দীর্ঘ যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা আবারও অনিশ্চয়তায় পড়েছে। এদিকে নতুন দূরপাল্লার ‘সারমাত’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। অন্যদিকে ক্রেমলিন জানিয়েছে, শিগগিরই চীন সফরে যাচ্ছেন পুতিন। এমন সময়ে এ ঘোষণা এলো, যখন বেইজিং সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্লেষকদের মতে, বিশ্ব রাজনীতিতে নতুন কৌশলগত সমীকরণের ইঙ্গিত দিচ্ছে এই তৎপরতা।