পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সেনাসদস্য বহনকারী একটি ট্রেনে ভয়াবহ আত্মঘাতী হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৭০ জন। নিহতদের মধ্যে সেনাসদস্য ছাড়াও তাদের পরিবারের সদস্যরা রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রোববার সকালে প্রাদেশিক রাজধানী কোয়েটার চমন ফটক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ঈদের ছুটি উপলক্ষে সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে ট্রেনটি পেশোয়ারের উদ্দেশে যাচ্ছিল। পথে রেল সিগন্যাল অতিক্রম করার সময় বিস্ফোরকভর্তি একটি গাড়ি ট্রেনের বগিতে ধাক্কা দিলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায় এবং অন্তত দুটি বগিতে আগুন ধরে যায়। আশপাশের বেশ কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা ও দুমড়ে-মুচড়ে যাওয়া বগি দেখা গেছে। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে এবং উদ্ধার অভিযান শুরু করে। আহতদের কোয়েটার সামরিক ও বেসামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি। সংগঠনটি দাবি করেছে, তারা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করেই আত্মঘাতী গাড়িবোমা হামলা চালিয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘটনাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
দীর্ঘদিন ধরেই প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ বেলুচিস্তান বিচ্ছিন্নতাবাদী সহিংসতায় অস্থির। স্থানীয় গোষ্ঠীগুলোর অভিযোগ, কেন্দ্রীয় সরকার অঞ্চলটির সম্পদ ব্যবহার করলেও উন্নয়নে পর্যাপ্ত গুরুত্ব দিচ্ছে না। এর জেরে বহু বছর ধরে সেখানে নিরাপত্তা বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘাত চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন