ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রোববার ভোরে চালানো এ হামলায় অন্তত চারজন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, রাজধানীতে হামলায় দুজন নিহত ও ৫৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অন্তত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া রাজধানীর আশপাশ এলাকায় আরও দুজন নিহত এবং ৯ জন আহত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর মিকোলা কালাশিঙ্ক।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোর থেকেই কিয়েভজুড়ে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। আতঙ্কিত মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলোতে ছুটে যায়।
কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো বলেন, রাজধানী ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। কয়েকটি আবাসিক এলাকায় আগুন ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, রাশিয়া বড় ধরনের বিমান হামলা চালাতে পারে। তিনি পারমাণবিক সক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র ব্যবহারের আশঙ্কার কথাও জানান। রাশিয়া বলছে, পূর্বাঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। হামলার পর প্রতিবেশী পোল্যান্ড তাদের যুদ্ধবিমান ও সামরিক বাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন