এক দশক আগেও ক্যারিয়ার মানে ছিল নির্দিষ্ট শহরের সুনির্দিষ্ট কোনো অফিস ভবনের চার দেয়ালের মাঝে বন্দি থাকা। এমনটা আজো আছে, তবে সব চাকরিই কিন্তু আজ আর সেসময়ের মতো চার দেয়ালে বন্দি নেই। বর্তমানে এমনটা সম্ভব যে, আপনার অফিস আপনার ব্যাকপ্যাকে, আপনার টিম মেম্বারদের মাঝে হয়তো তিনটি মহাদেশ বা সাত সমুদ্রের দূরত্ব, হতে পারে আপনার বস হয়তো আপনাকে কোনোদিন সশরীরে দেখেনইনি। ভৌগোলিক সীমানার শেকল ভেঙে ক্যারিয়ার এখন অসীম আকাশে ডানা মেলেছে। গিগ ইকোনমি এবং রিমোট ওয়ার্কের এই মাহেন্দ্রক্ষণ আমাদের স্রেফ একজন দক্ষ কর্মী থেকে উন্নীত করেছে ‘গ্লোবাল সিটিজেন’ বা বিশ্ব নাগরিকের মর্যাদায়। ঢাকার কোনো অ্যাপার্টমেন্টে বসে ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির কোনো স্টার্টআপের সফটওয়্যার আর্কিটেকচার ডিজাইন করা কিংবা বনানীর ক্যাফেতে বসে ইউরোপের কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির মার্কেটিং স্ট্র্যাটেজি সাজানো এখন অলীক কল্পনা নয়, বরং নিরেট বাস্তবতা।
গিগ ইকোনমি ও রিমোট ওয়ার্কের বিবর্তন
গিগ ইকোনমি মূলত এমন একটি মুক্ত শ্রমবাজার, যেখানে স্বল্পমেয়াদি চুক্তি বা ফ্রিল্যান্সিংভিত্তিতে কাজ করা হয়। অন্যদিকে রিমোট ওয়ার্ক হলো নির্দিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদি যুক্ত থেকেও সশরীরে অফিসে উপস্থিত না হয়ে যেকোনো স্থান থেকে কাজ করার সুযোগ। বিশ্বখ্যাত গবেষণা সংস্থা ‘গ্যালাপ’-এর ২০২৫ সালের শেষ প্রান্তিকের এক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের প্রায় ৪০ শতাংশ উচ্চ-দক্ষতাসম্পন্ন পেশাজীবী এখন কোনো না কোনোভাবে রিমোট বা হাইব্রিড মডেলে কাজ করছেন।
প্রযুক্তির উন্নয়ন, দ্রুতগতির ইন্টারনেট এবং ক্লাউড কম্পিউটিংয়ের সহজলভ্যতা এই পরিবর্তনকে ত্বরান্বিত করেছে। কাজের মান এখন কাজের সময় বা উপস্থিতির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিবর্তনের ফলে সৃষ্টি হয়েছে ডিজিটাল নোমাড বা যাযাবর কর্মজীবীর একটি নতুন শ্রেণি, যারা ল্যাপটপ হাতে পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ঘুরে বেড়াচ্ছেন আর নিরবচ্ছিন্নভাবে সামলাচ্ছেন বৈশ্বিক সব প্রজেক্ট। বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে চাকরি শব্দটি হয়তো বিলুপ্ত হয়ে যাবে এবং তার জায়গা নেবে প্রজেক্ট। কোম্পানিগুলো আর স্থায়ী কর্মী পুষতে চাইবে না, তারা খুঁজবে বিশেষায়িত মেধা। আপনি যদি ঢাকার এক কোণে বসেও নিজেকে বিশ্বের সেরা ১০ শতাংশ পেশাজীবীর কাতারে নিয়ে যেতে পারেন, তবে পুরো পৃথিবীই আপনার কর্মক্ষেত্র। আমাদের শিক্ষাব্যবস্থায় রিমোট কোলাবরেশন এবং ডিজিটাল এথিক্সের ওপর জোর দেওয়া অত্যন্ত জরুরি।
বাংলাদেশি পেশাজীবীদের সম্ভাবনা
বাংলাদেশের জন্য রিমোট ওয়ার্ক যেমন পেশাগত সুযোগ, পাশাপাশি এটি জাতীয় অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জনের বিশাল উৎসও বটে। বর্তমান বিশ্ববাজারে বাংলাদেশি ডেভেলপার, গ্রাফিক ডিজাইনার, ডেটা সায়েন্টিস্ট এবং ডিজিটাল মার্কেটারদের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এর প্রধান কারণ হলো মেধার প্রতিযোগিতামূলক মূল্য এবং বৈশ্বিক মানের দক্ষতা। সিলিকন ভ্যালি বা লন্ডনের মতো শহরগুলোতে একজন কর্মীকে নিয়োগ দিতে বিশাল অঙ্কের বেতন ও অফিস মেইনটেনেন্স খরচ করতে হয়। অন্যদিকে রিমোট মডেলের মাধ্যমে তারা দক্ষিণ এশিয়ার মেধাবীদের কাজে যুক্ত করে খরচ প্রায় ৩০ থেকে ৫০ শতাংশ কমিয়ে আনতে পারছে। অন্যপক্ষে, একজন বাংলাদেশি পেশাজীবী স্থানীয় মানদ-ের চেয়ে অনেকগুণ বেশি গ্লোবাল রেইটে পারিশ্রমিক পাচ্ছেন। এটি ব্যক্তির জীবনযাত্রার মানোন্নয়নের পাশাপাশি দেশের রেমিট্যান্স প্রবাহকেও শক্তিশালী করছে।
চ্যালেঞ্জ
তবে, গ্লোবাল ভিলেজের বাসিন্দা হওয়া যতটা রোমাঞ্চকর, চ্যালেঞ্জগুলো ঠিক ততটাই রূঢ়। আপনি যখন রিমোটলি কাজ করছেন, তখন আপনার প্রতিযোগিতা কেবল আপনার পাশের চেয়ারে বসা সহকর্মীর সঙ্গে নয়; বরং আপনার প্রতিযোগী হিসেবে আছে ইউক্রেনের কোডার, ভারতের অ্যানালিস্ট কিংবা ব্রাজিলের একজন ডিজাইনার। মনে রাখা উচিতÑ
দক্ষতার মানদ- : বৈশ্বিক বাজারে টিকে থাকতে হলে আপনার স্কিলসেট হতে হবে আন্তর্জাতিক মানের। এখানে গড়পড়তা কাজের কোনো স্থান নেই। ২০২৬ সালের এআই-চালিত কর্মক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে কেন একটি যন্ত্রের বদলে কোম্পানি আপনাকে নিয়োগ দেবে।
সাংস্কৃতিক এবং ভাষাগত বাধা : শুধু ইংরেজি বলতে পারাই যথেষ্ট নয়, বরং ভিন্ন ভিন্ন দেশের কাজের সংস্কৃতি, সময়জ্ঞান এবং পেশাদারিত্বের ধরন বুঝতে পারাটাও জরুরি। রিমোট ওয়ার্কে যোগাযোগই হলো শেষ কথা।
টাইম জোন : বাংলাদেশে বসে যখন আপনি যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির সঙ্গে কাজ করবেন, তখন আপনার দিনের বড় একটা অংশ তাদের রাতের সঙ্গে মিলে যেতে পারে।
এই অসম সময়ের সঙ্গে নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ভারসাম্য রক্ষা করা এক বিশাল চ্যালেঞ্জ।
ডিজিটাল নোমাড লাইফস্টাইল
ডিজিটাল নোমাড হওয়ার স্বপ্ন অনেক তরুণের চোখে থাকলেও, এর নেপথ্যের শৃঙ্খলা সম্পর্কে অনেকেই উদাসীন। একজন ডিজিটাল নোমাড হিসেবে আপনি বালি বা মালদ্বীপের সমুদ্রসৈকতে বসে কাজ করতে পারেন ঠিকই, কিন্তু সেখানেও আপনার ডেডলাইন একই থাকে।
ওয়ার্ক ফ্রম এনিহয়ার মডেলের অগ্রদূত অধ্যাপক পিথ্বীরাজ চৌধুরীর মতে, “ওয়ার্ক-ফ্রম-এনিহোয়ার মডেল কেবল কর্মীদের স্বাধীনতা দেয় না, এটি প্রতিষ্ঠানের জন্য শ্রেষ্ঠ মেধা খুঁজে পাওয়ার বাধা দূর করে। তবে এর সফলতার মূল চাবিকাঠি হলো ‘আউটপুটভিত্তিক মূল্যায়ন’। আপনি কতক্ষণ কম্পিউটারের সামনে বসে আছেন, তা বড় কথা নয়; বড় কথা হলো আপনি দিনশেষে কী ফল দিচ্ছেন।”
বৈশ্বিক পারিশ্রমিক কাঠামো
গ্লোবাল মার্কেটে নিজের পারিশ্রমিক নির্ধারণ করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল। আওয়ারলি রেইট বা ঘণ্টাভিত্তিক পারিশ্রমিকের চেয়ে ভ্যালু-বেজড প্রাইসিং বা কাজের মূল্যের ওপর ভিত্তি করে পারিশ্রমিক নেওয়া বেশি জনপ্রিয় হচ্ছে। এই মডেলে নিজেকে মানিয়ে নেওয়ার কিছু কৌশল হতে পারেÑ
গ্লোবাল বেঞ্চমার্কিং : গ্লাসডোর বা পে-স্কেলের মতো সাইটগুলো থেকে আপনার দক্ষতার বৈশ্বিক বাজারমূল্য সম্পর্কে ধারণা নিন। কখনো নিজের মেধার অবমূল্যায়ন করবেন না।
ট্যাক্স এবং লিগ্যাল কমপ্লায়েন্স : রিমোট ওয়ার্কার হিসেবে আপনি কোন দেশের কর কাঠামোর আওতায় পড়বেন এবং বৈদেশিক আয়ের ক্ষেত্রে আপনার দেশের আইন কী বলে, সেটি জানা থাকা জরুরি। বাংলাদেশে ফ্রিল্যান্সারদের জন্য এখন বিশেষ কার্ড এবং কর সুবিধা দেওয়া হচ্ছে, যা পেশাদারিত্বের পরিচয় বহন করে।
মানসিক স্বাস্থ্য ও একাকিত্ব নিরসন
রিমোট ওয়ার্কের সবচেয়ে নেতিবাচক দিক হলো সামাজিক বিচ্ছিন্নতা। সারাদিন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে মানবিক সংযোগ কমে যায়। এজন্য রিমোট ওয়ার্কারদের উচিত কো-ওয়ার্কিং স্পেস ব্যবহার করা। যেখানে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে নেটওয়ার্কিং করার সুযোগ থাকে। নিয়মিত বিরতি নেওয়া এবং পেশাদার জীবনের বাইরে একটি ব্যক্তিগত জীবন বজায় রাখা আপনার সৃজনশীলতাকে সজীব রাখবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন