আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইর যুগে ই-মেইল, ক্যালেন্ডার, ডকুমেন্ট এবং নোটের মতো ব্যক্তিগত ডেটা যুক্ত করে প্রতিদিনের একটি সংক্ষিপ্ত টেক্সট বা অডিও ব্রিফিং তৈরি করা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য এখন বেশ জনপ্রিয় একটি ট্রেন্ড। এই ট্রেন্ডে গা ভাসিয়ে স্পটিফাই নিয়ে এসেছে একটি সম্পূর্ণ নতুন স্ট্যান্ড-অ্যালোন ডেস্কটপ অ্যাপ, যার নাম ‘স্টুডিও বাই স্পটিফাই ল্যাবস’। গুগলের জনপ্রিয় নোটবুকএলএমের সঙ্গে টেক্কা দিতেই স্পটিফাইর এই নতুন উদ্যোগ। এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা এখন যেকোনো নির্দিষ্ট বিষয়ের ওপর ভিত্তি করে আস্ত একটি পডকাস্ট তৈরি করে নিতে পারবেন। ২০২৬ সালের আধুনিক ট্রেন্ড মেনে এই অ্যাপে যুক্ত করা হয়েছে একটি বিশেষ এআই এজেন্ট, যা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের পাশাপাশি প্রয়োজনে ওয়েব ব্রাউজ করে তথ্য সংগ্রহ করতে সক্ষম। এর ফলে আপনার ই-মেইল এবং শিডিউল বা ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে এটি প্রতিদিনের একটি চমৎকার অডিও ব্রিফ তৈরি করে দিতে পারবে।
যেমন, আপনি যদি একে নির্দেশ দেন আপনার ইতালির রোড ট্রিপের বুকিং ও ক্যালেন্ডার দেখে সারাদিনের প্ল্যান সাজাতে, কাছাকাছি কোনো ভালো রেস্টুরেন্টের সন্ধান দিতে এবং ড্রাইভিংয়ের সময় শোনার মতো একটি পডকাস্ট রেকমেন্ড করতেÑ তবে এই এআই এজেন্ট ঠিক সেভাবেই একটি কাস্টমাইজড পডকাস্ট তৈরি করে দেবে। এআইর মাধ্যমে তৈরি এই পডকাস্টগুলো স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর নিজস্ব স্পটিফাই লাইব্রেরিতে সেভ হয়ে যাবে এবং সব ডিভাইসে সিঙ্ক হবে। তবে এগুলো সম্পূর্ণ ব্যক্তিগত ব্যবহারের জন্য তৈরি, যা কোনোভাবেই পাবলিকলি প্রকাশ করা হবে না। স্পটিফাই অবশ্য সতর্ক করেছে যে, এটি অ্যাপটির একটি প্রাথমিক প্রিভিউ সংস্করণ হওয়ায় এআই মাঝেমধ্যে ভুল বা অবিস্বস্ত তথ্যও দিতে পারে। আপাতত একটি রিসার্চ প্রিভিউ হিসেবে ২০টিরও বেশি দেশের নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য অ্যাপটি উন্মুক্ত করা হয়েছে, যাদের বয়স ১৮ বছর বা তার বেশি। এর আগে স্পটিফাই কোডারদের জন্য বিশেষ কমান্ড-লাইন টুল এনেছিল, তবে এই নতুন ‘স্টুডিও’ অ্যাপটির ফলে নন-কোডার বা সাধারণ ব্যবহারকারীরাও এখন খুব সহজে ডেস্কটপ থেকেই এই আকর্ষণীয় ফিচারের সুবিধা নিতে পারবেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন