× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০১:০৯ এএম

মেটার নতুন অ্যাপ ‘ফোরাম’

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: মে ২৬, ২০২৬, ০১:০৯ এএম

মেটার নতুন অ্যাপ ‘ফোরাম’

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটের সঙ্গে টেক্কা দিতে এবার সম্পূর্ণ নতুন একটি অ্যাপ নিয়ে এসেছে মেটা। ফেসবুক গ্রুপের ফিচারগুলোকে কেন্দ্র করে ‘ফোরাম’ নামের এই স্ট্যান্ড-অ্যালোন বা স্বতন্ত্র অ্যাপটি গোপনে উন্মুক্ত করেছে কোম্পানিটি।

মেটার পক্ষ থেকে অ্যাপটিকে ‘গভীর আলোচনা, সঠিক উত্তর এবং পছন্দের কমিউনিটিগুলোর জন্য তৈরি একটি ডেডিকেটেড স্পেস’ হিসেবে বর্ণনা করা হয়েছে। সোশ্যাল মিডিয়া পরামর্শক ম্যাট নাভারা প্রথম এই অ্যাপটির উপস্থিতি লক্ষ্য করেন।

যেভাবে কাজ করবে ‘ফোরাম’

ব্যবহারকারীরা তাদের বিদ্যমান ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাপে লগ-ইন করতে পারবেন। লগ-ইন করার সঙ্গে সঙ্গেই ব্যবহারকারীর ফেসবুক গ্রুপ, প্রোফাইল এবং অ্যাক্টিভিটি অ্যাপটিতে লোড হয়ে যাবে। সাধারণ ফেসবুক অ্যাপের মতোই এখানেও ব্যবহারকারীরা ছদ্মনাম  ব্যবহার করে পোস্ট করতে পারবেন। মেটা জানিয়েছে, ব্যবহারকারীদের গ্রুপগুলো ফেসবুকেই থাকবে এবং ফোরাম অ্যাপে শেয়ার করা যেকোনো কিছু ফেসবুকের গ্রুপগুলোতেও দেখা যাবে।

মেটার মতে, ফোরামের ফিডগুলো মূলত গ্রুপের ভেতরের আলোচনার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা কেবল ‘ট্রেন্ডিং’ বিষয় নয়, বরং বাস্তব মানুষ কী ভাবছে তা জানতে পারেন এবং সহজেই পুরোনো আলোচনার খেই মেলাতে পারেন।

আকর্ষণের কেন্দ্রে এআই ফিচার

অ্যাপটিতে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত ‘আস্ক’ ট্যাব যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো প্রশ্ন করতে পারবেন এবং বিভিন্ন গ্রুপে হওয়া আলোচনার ওপর ভিত্তি করে এআই তাদের একটি সমন্বিত উত্তর তৈরি করে দেবে। এ ছাড়া, গ্রুপ অ্যাডমিনদের সুবিধার্থে এবং কন্টেন্ট মডারেশনের জন্য একটি ‘অ্যাডমিন এআই অ্যাসিস্ট্যান্ট’ রাখা হয়েছে।

মেটার ‘অ্যাপ বন্যা’র পরিকল্পনা

ফেসবুক গ্রুপের জন্য মেটার আলাদা অ্যাপ আনার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০১৪ সালেও তারা একটি ডেডিকেটেড ‘গ্রুপস’ অ্যাপ এনেছিল, যা ২০১৭ সালে বন্ধ করে দেওয়া হয়। তবে সাম্প্রতিক সময়ে মেটার একাধিক নতুন অ্যাপ আনার যে হিড়িক পড়েছে, ফোরাম তারই অংশ। গত মাসেই তারা ‘ইনস্ট্যান্টস’ নামে একটি অ্যাপ এনেছে, যা ইনস্টাগ্রাম বন্ধুদের সঙ্গে ক্ষণস্থায়ী বা ডিজেপিয়ারিং ছবি শেয়ার করতে সাহায্য করে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ তার কর্মীদের জানিয়েছেন, এআই প্রযুক্তির সহায়তায় এখন অনেক কম পরিশ্রমে এবং দ্রুত অ্যাপ তৈরি করা সম্ভব। তাই ঐতিহাসিকভাবে কোম্পানিটি যে পরিমাণ অ্যাপ তৈরি করত, এখন তার চেয়ে অনেক বেশি অ্যাপ বাজারে ছাড়ার পরিকল্পনা করছে তারা। মেটার চিফ প্রোডাক্ট অফিসার ক্রিস কক্সের সঙ্গে আলোচনার সূত্র ধরে জাকারবার্গ বলেন, ‘আমরা কি ৫০টি নতুন অ্যাপ তৈরি করতে পারি? হ্যাঁ, সম্ভবত পারি। তবে একবারে ৫০টি অ্যাপের দিকে না গিয়ে আমাদের প্রথমে কয়েকটি অ্যাপ দিয়ে শুরু করা উচিত।’

মেটা মনে করছে ব্যবহারকারীরা হয়তো আরও বেশি নতুন অ্যাপ চান, তবে বাজার বিশ্লেষকদের ধারণা ভিন্ন।

মেটার সাম্প্রতিক নতুন অ্যাপগুলোর বেশিরভাগই অন্য কোনো জনপ্রিয় অ্যাপের হুবহু নকল। যেমন, তাদের ‘ইনস্ট্যান্টস’ অ্যাপটি মূলত বি-রিয়েল এবং স্ন্যাপচ্যাট-এর ধারণা থেকে নেওয়া। আবার গত বছর চালু হওয়া ‘মেটা এডিটস’ অ্যাপটি বাইটড্যান্সের ক্যাপকাটের একটি প্রতিরূপ। এই নতুন ‘ফোরাম’ অ্যাপটির ক্ষেত্রেও রেডিটকে অনুকরণ করার স্পষ্ট ছাপ রয়েছে।

নতুন এই অ্যাপটির বিষয়ে মেটার অফিশিয়াল মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!