ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধ্যপ্রাচ্যে অস্থিরতা

ফিরেছেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৬:১২ এএম

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও ফ্লাইট বন্ধের কারণে কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি নাগরিক অবশেষে দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাস ও কাতার সরকারের যৌথ প্রচেষ্টায় একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয় তাদের। গত শুক্রবার রাতে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে দুবাই থেকেও ইউএস-বাংলা এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটে ৪০৫ বাংলাদেশিকে দেশে ফেরানো হয়।

গতকাল শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছে। শুক্রবার রাতে কাতার এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। দেশে ফেরা বাংলাদেশিদের মধ্যে ট্রানজিটে থাকা যাত্রী ও দূতাবাসের কর্মীরা ছিলেন।

ফ্লাইট বাতিল হওয়ায় তারা দেশে ফিরতে পারছিলেন না। এমন অবস্থায় কাতার সরকার ও কাতার এয়ারওয়েজের সঙ্গে সমন্বয় করে তাদের দেশে ফেরাতে এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে বাংলাদেশ সরকার। গত বুধবার কাতারে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের ঢাকায় ফেরাতে এই বিশেষ ফ্লাইটের উদ্যোগের কথা বলেছিল বাংলাদেশ দূতাবাস।

নারী ও বয়স্ক সদস্যদের এই বিশেষ ফ্লাইটে অগ্রাধিকার দেওয়া হবে তুলে ধরে আগ্রহী যাত্রীদের তালিকা করার জন্য দূতাবাসের অফিসিয়াল ফেইসবুক পেজ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি গুগল ফর্ম শেয়ার করে আবেদন আহ্বান করা হয়েছিল।

মধ্যপ্রাচ্যের পেট্রোলিয়াম সমৃদ্ধ দেশ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকের সংখ্যা ৪ লাখের বেশি, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ১২ দশমিক ৫ শতাংশ। প্রবাসী বাংলাদেশিরা কাতারের নির্মাণ, সেবা ও বিভিন্ন বেসরকারি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।