রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোমের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। পৌনে তিন ঘণ্টা চেষ্টায় রাত ৯টা ৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আশপাশের স্টেশন থেকে মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছায় ৬টা ৪৩ মিনিটে।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায় বলে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানাটিতে ফোম ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যায় ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। অগ্নিকা-ের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। কারখানার ভেতরে কেউ আটকা পড়ে আছে কিনা তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন