উগ্রবাদী সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িত সন্দেহে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার হয়ে রিমান্ডে থাকা আতাউল্লাহ শাহকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আতাউল্লাহ শাহ এনসিপির গাজীপুর মহানগর শাখার যুগ্ম সদস্যসচিব ছিলেন। গত মঙ্গলবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশের কথা জানানো হয়। সেদিন গভীর রাতে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
আতাউল্লাহকে বহিষ্কার করে লেখা ওই চিঠিতে বলা হয়েছে, আপনার বিরুদ্ধে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকা-ে জড়িত থাকার বিষয়ে একটি গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। এমন অবস্থায় দলীয় গঠনতন্ত্র ও প্রযোজ্য সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে এনসিপির গাজীপুর মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব পদসহ দলের সব পর্যায়ের সাংগঠনিক দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ৫ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকার একটি বালুর মাঠ থেকে এনসিপি নেতা আতাউল্লাহ শাহসহ ছয় যুবককে আটক করে পুলিশ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন