রাজধানীর গুলিস্তানের আলুবাজার এলাকায় একটি সেলুনে বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। গত মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে আলুবাজারের ‘আরমান সেলুনে’ এই বিস্ফোরণ ঘটে। পরে ১০ জনকে দগ্ধ অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। তারা হলেনÑ সেলুনের কারিগর সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬) ও আরমান (৩৭) এবং গ্রাহক মো. ফারুক (৩৫), রিনকো (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫) ও সাকিব (১৭)। পুলিশ বলছে, আবদ্ধ ঘরে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে। তবে ওই সেলুনের কর্মীরা এসি বিস্ফোরিত হওয়ার কথা বলছেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, দগ্ধদের মধ্যে সামশেদের শরীরের ১৫ শতাংশ, ফারুকের ৫০ শতাংশ, রিনকোর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ ও সাকিবের শরীরের ১ শতাংশ দগ্ধ হয়েছে। সাকিবের পোড়ার মাত্রা কম হওয়ায় তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাকি ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বংশাল থানার ওসি বলেন, ‘সম্ভবত ঘরে গ্যাস জমেছিল। তখন এসি চালু থাকায় দরজা-জানালা সব বন্ধ ছিল। আবদ্ধ কক্ষে কেউ একজন লাইটার জ¦ালালে সেখানে একটা বিস্ফোরণের মতো শব্দ করে আগুন জলে ওঠে। আগুন আবার নিভেও যায়। এর মধ্যেই ঘরে থাকা ব্যক্তিরা দগ্ধ হন। তবে হাসপাতালে ভর্তি আহতরা সেলুনে এসি বিস্ফোরিত হওয়ার কথা বলেছেন। সেখানে আগুন লাগলেও ফায়ার সার্ভিসকে কল করা হয়নি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, ওই ঘটনার খবর তারা পাননি।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বুধবার দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে যান। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আগুনে দগ্ধ রোগীর যেসব সেবা পাওয়া দরকার, সেটা ডাক্তাররা দিচ্ছেন। এখনো অনেকের আত্মীয়স্বজন খোঁজ পায়নি হয়তো। তবে ডাক্তার-নার্সরা সর্বোচ্চ সেবা দিচ্ছেন।’ মন্ত্রী বলেন, ‘এসি অনেকে ব্যবহার করেন। কিন্তু অনেক সময় এসিতে গ্যাস থাকে না, কমে যায়। এসির নেটে অনেক সময় জ্যাম হয়ে যায়, এতে বাইরে আসার বাতাস ভেতরেই ঘুরতে থাকে। তাতে দুর্ঘটনা ঘটতে পারে।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এসব বিষয়ে সরকার সতর্ক করতে পারে। কিন্তু নিজেদের এসি নিজেদের ঠিকঠাক রাখতে হবে। প্রত্যেকেই যাতে নিজেদের এসি ঠিক রাখে, সেটার ব্যাপারে জাতীয়ভাবে আমরা সতর্ক করব।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন