ফরিদপুরের সদরপুর উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের পাশের রাস্তার ঢাল থেকে অজ্ঞাত এক যুবতীর (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সকালে সদরপুর থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। স্থানীয়রা ও পুলিশ জানায়, শুক্রবার সকালে এক নারী রাস্তার পাশে কচুর লতি তুলতে গিয়ে হাত বাঁধা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। তিনি ভয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে এসে ৯৯৯-এ ফোন দেন। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারকালে যুবতী নারীর মুখে আঘাতের চিহ্ন ও দুই হাত বাঁধা অবস্থায় ছিল। তা ছাড়া মরদেহটি বিবস্ত্র অবস্থায় ছিল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজাউন দীপুসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সদরপুর থানার ওসি আব্দুল আল মামুন শাহ বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে হাত-পা বাঁধা অবস্থায় ওই তরুণীর মরদেহটি উদ্ধার করা হয়েছে। এটি বিবস্ত্র অবস্থায় ছিল। তা ছাড়া মরদেহের মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রকৃত ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন