রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ককটেল ও দেশি অস্ত্র উদ্ধার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি দল নগরীর চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠের উত্তর পাশে একটি লেবুবাগানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে দুটি পরিত্যক্ত প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোতে বিস্ফোরক থাকতে পারে বলে সন্দেহ হলে র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে এসে তল্লাশি চালায়। এ সময় ২১টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পাশাপাশি একটি বস্তা থেকে একটি হাঁসুয়া, একটি বড় ছুরি, একটি ছোট ছুরি এবং একটি চাকুসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। র্যাব জানায়, উদ্ধারকৃত ককটেলগুলো বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট দ্বারা শনাক্ত করা হয়েছে। তবে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে এসব বিস্ফোরক ও অস্ত্রের মালিকানা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন