নওগাঁর বদলগাছীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক নকশাকারের বিরুদ্ধে ১২টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি তারকাঁটা ও স্লাব দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে ভুক্তভোগী পরিবারগুলো। গত শুক্রবার উপজেলার চাকরাইল পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাকরাইল গ্রামের পশ্চিমপাড়ার ১২টি পরিবার দীর্ঘ ৬০ বছর ধরে একটি নির্দিষ্ট পথ দিয়ে যাতায়াত করে আসছিল। কিন্তু হঠাৎ করেই বদলগাছী এলজিইডি অফিসের নকশাকার রুকুনুজ্জামান ও তার ভাইয়েরা ওই রাস্তায় গাছের খুঁটি পুঁতে তারকাঁটা দিয়ে ঘিরে ফেলেন। এমনকি রাস্তার একপাশে বাথরুমের স্লাব তৈরি করে যানবাহন চলাচলের পথ পুরোপুরি রুদ্ধ করে দেওয়া হয়েছে।
ভুক্তভোগী আব্দুল কাদের জানান, ‘বাপ-দাদার আমল থেকে আমরা এই পথ ব্যবহার করছি। এখন রাস্তা বন্ধ করে দেওয়ায় ভ্যানগাড়ি তো দূরের কথা, পায়ে হেঁটে চলাও কঠিন হয়ে পড়েছে। আমার চাচা গুরুতর অসুস্থ, তাকে হাসপাতালে নিতে হলে এক কিলোমিটার ফসলের মাঠ পাড়ি দিয়ে পাকা রাস্তায় উঠতে হবে। আমরা এখন অবরুদ্ধ অবস্থায় আছি।’
এলাকাবাসীর দাবি, নকশাকার রুকুনুজ্জামান সরকারি অফিসের পদের দাপট দেখিয়ে সাধারণ মানুষের যাতায়াতের পথ বন্ধ করেছেন। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী ও কৃষিপণ্য আনা-নেওয়ায় চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত নকশাকার রুকুনুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রাস্তা বন্ধের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমার শরিকের লোকজন চলাচলের জন্য পায়ে হাঁটা পথ দিয়েছে। আমি আমার জায়গায় স্লাব তৈরি করেছি, জায়গা কি আমি ফেলে রাখবো?’ এই বলে তিনি ফোনের সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। ইউএনও জানান, ‘রাস্তা বন্ধের বিষয়টি আমি জেনেছি। সহকারী কমিশনারকে (ভূমি) বিষয়টি পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন