রাজবাড়ী জেলায় হঠাৎ করে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় রাজবাড়ী জেলা সদর হাসপাতালে সৃষ্টি হয়েছে তীব্র চাপ। বেড সংকটের কারণে অনেক রোগীকে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে, যা বাড়িয়ে তুলেছে রোগী ও স্বজনদের দুর্ভোগ।
গতকাল রোববার হাসপাতালে গিয়ে দেখা যায়, ডায়রিয়া ওয়ার্ডে নতুন করে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে মোট ৪৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে বেডের সংখ্যা সীমিত হওয়ায় অনেক রোগীকেই ওয়ার্ডের মেঝে, বারান্দা কিংবা খালি জায়গায় অস্থায়ীভাবে চিকিৎসা নিতে হচ্ছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা সদর উপজেলার খানখানাপুর এলাকার রফিক বলেন, শনিবার রাতে স্ত্রীকে ভর্তি করালেও কোনো বেড পাননি। বাধ্য হয়ে বারান্দায় থাকতে হচ্ছে। সেখানে ফ্যানও নেই, গরমে খুব কষ্ট হচ্ছে। একই চিত্র তুলে ধরেন আরেক স্বজন। তিনি বলেন, ডায়রিয়ায় আক্রান্ত মেয়েকে নিয়ে হাসপাতালে এসে ভেতরে জায়গা না পেয়ে বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগীর পাশাপাশি আমাদেরও ভোগান্তি বাড়ছে।
এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নান জানান, গত কয়েক দিনে ডায়রিয়া রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বেডের তুলনায় রোগী বেশি হওয়ায় মেঝেতেও চিকিৎসা দিতে হচ্ছে। তবে চিকিৎসা সেবায় কোনো ঘাটতি নেই বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন ও নার্সের ব্যবস্থা রয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হলে শরীরে পানিশূন্যতা রোধে বেশি করে খাবার স্যালাইন ও স্বাভাবিক খাবার গ্রহণ করতে হবে। পাতলা পায়খানার সঙ্গে বমি হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি। পরিস্থিতি আরও খারাপ হলে বিকল্প ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা সেবা চালু করা হবে বলেও জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন